Tuesday, August 14, 2018

সত্যযুগ












আমরা এসেছি শত দল সেনা নতুন পৃথিবী গড়তে আমরা এসেছি দিক দিগন্ত আনন্দময় করতে। আছে শিরে সদা সত্যের তাজ তীক্ষ্ণ দৃষ্টি দুরন্ত বাজ ধরার ধূলিতে নামাবো স্বর্গ সঁপি জান নিঃশর্তে। সকল ধেয়ান প্রাণ ধন মান দিয়ে গাই মানুষের জয়গান বুকে প্রত্যয় সুদৃঢ় মহান নব্যযুগ রবি আনতে। রুখে দেবো আজ যত অবিচার অপশক্তিরে করে সংহার যাব আগামীতে ছুটে দুর্বার সত্যযুগের প্রান্তে।


এই গানটি আমার এবং বন্ধু রিয়াদুল হাসানের যৌথভাবে লেখা।

Sunday, August 12, 2018

চায়না এ মন মেনে নিতে




















চায়না মন মেনে নিতে
আমিই কেবল বাসছি ভালো, ভাবছি তোমায় দিনে রাতে


সবার মাঝে থেকেও দেখি-
হৃদয়-পদ্ম একলা তটে,
তুমি কোথায় অচিন-পারে, আমায় ফেলে ভিন্ জগতে


আকাশ, বাতাস, সাগর, নদী,
ব্যকুল-পরাণ আমার সাথে,
ক্ষুন্ন মনে, তারাও ভাবে-
কি হবে এই ঘোর-বরাতে!


তোমার দিকে তাকাই আশায়
করবে মনে কোনোমতে,
বৃথাই ডাকি, জানি তোমার গলবে না মন- কথাতে


একটা বিশেষ সুর, যার অনেকগুলো ভার্সন আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে- সবগুলো ভার্সনই প্রায় সমান জনপ্রিয়। মনরে কৃষিকাজ জানো না, আমি শুধু রইনু বাকি, মায়ের এমন বিচার বটে, চাইনা মাগো রাজা হতে, ইত্যাদি। এই গানের সুরটা যখনই যে ভার্সনেরই শুনি, আমাকে একইভাবে বিহ্বল করে দেয়। তাই, রামপ্রসাদী গানের ছন্দের প্যাটার্নে ও সুরে এই গানটা লিখে রাখলাম। নিছক প্রেমের গান- সম্ভবত প্রেমের গানে এই সুর- এটাই প্রথম।

Wednesday, August 1, 2018

আশ্বাস



















যখন আঁধার গ্রাস করে নেয় জীবনের কোলাহল,
নেমে আসে রাত, হতাশায় ঘেরা হৃদয়ের অঞ্চল,
তখনও হয়তো একখানা হাত,
জানায় সমুখে আলোক-প্রভাত,
একটি রশ্মি ধ্রুবতারা যেনো, থাকে সদা-উজ্জ্বল;
সুর ফিরে পায়- থেমে যাওয়া সব জীবনের কোলাহল।

ভাঙ্গা-গড়া নিয়ে ক্লান্ত যখন, হৃদয়ের তটভূমি-
উত্তাল স্রোতে- তাল-লয়হীন ত্রাসে ভেঙ্গে পড়া জমি,
তখনও হয়তো একখানি মুখ,
আশ্বাস নিয়ে থাকে উন্মুখ,
ঠাঁই হয়ে শেষে ধরা দেয় বুকে, নত মস্তক চুমি;
সজল দ্বীপের আশ্বাস পায়, হৃদয়ের তটভূমি।

ক্লান্তি যখন বন্ধুর পথে- স্তব্ধতা ভর করে,
চোরাবালি মাখা মরুভূমি এই জীবনের প্রান্তরে,
তখ্খনও সাথে দু’ইটি চরণ,
পাশে থেকে করে পথকে বরণ,
নিবিড় হাতের স্পর্শেই ভাঙ্গে বদ্ধ রূদ্ধতারে;
প্রাণ নিয়ে আসে প্রাণেতে যখন স্তব্ধতা ভর করে।

অচেনা দ্বিধার কষাঘাতে যেই স্বপ্নের জেরবার,
আশাহত হয়- শক্তি হারায়, মুখ তুলে চাইবার,
তখনও তো জানি এমন আঁধারে,
ভালোবাসা নিয়ে হৃদয়ের দ্বারে,
আলোর মশাল জ্বালায়, সে ডাকে- সম্মুখে এগুবার,
নতুন স্বপ্ন এঁকে দেয়, যেই স্বপ্নের জেরবার।

নতুন ঠিকানা
















এসো এই অসময়ে
একটি ঠিকানা গড়ে তুলি চির-শান্তির প্রত্যয়ে।

ভালবাসাটায় উচ্ছাস রবে, সীমাহীন পরিধিতে-
সাগর হারাবে তার বিশালতা আমাদের প্রাণ ছুঁতে;
চাঁদ চেয়ে রবে অবাক- নীরবে,
তার আলো জেনো ম্লান হয়ে রবে,
হৃদয়ের সব আঁধার কাটবে, প্রেমের স্পর্শ পেয়ে-
এসো এই অসময়ে।

ধূসর পৃথিবী, ধূসর সময়,
সবাই তো একা, কেউ কারো নয়,
এখানেই চলো, জাগাই স্বপ্ন- বর্ণিল কারুকাজে,
ভালোবাসা নিয়ে মানুষ সাজবে- সকালে, দুপুরে, সাঁঝে।

থাকবে কেবল পূর্ণ হৃদয়ে বিস্মিত চেয়ে থাকা,
শূন্যতা হবে অতীত-বিলাস, নীলিমাতে ঢেকে রাখা;
ভ্রান্তি ও মোহ এই সময়ের,
অবসর পাবে অসীম কালের,
পৃথিবীর বুকে বেঁচে রবে প্রাণ নতুন এই পরিচয়ে-
এসো এই অসময়ে।

ওঠো, অনাগত









হাতে হাত রাখো, চলো চিনে নিই, এই সময়ের দাবী,
তুমি ফেলো পা, উঠবে সূর্য- অনাগত বিপ্লবী।

দেখো এ সময়, চোখে তার ভয়
প্রাণে তার ক্রন্দন,
অবিচারে, আর শোষনে মরছে
শত কোটি ভীরু মন,
অবহেলা আর বঞ্চনা নিয়ে পৃথিবী আঁকছে ছবি-
তুমি ফেলো পা, উঠবে সূর্য- অনাগত বিপ্লবী।

চেয়ে দেখো আজ চির হাহাকার, ধূলোয়-বাতাসে ভাসে,
সকাল-সন্ধ্যে যুগের মাশুল, অভিশাপ নেমে আসে,
ক্ষয় হয় প্রাণ, যার সাধ ছিলো অবিরত বেঁচে থাকা-
পদে পদে আজ লাঞ্চিত তারা- অতীতের পরিহাসে।

দেখো এ সময়, কারো চেনা নয়
বুকে তার অবহেলা,
একবার শুধু জেগে উঠো প্রাণ
এবার হয়েছে বেলা,
দু:সময়কে দূর করে আঁকি, সুদিনের প্রতিচ্ছবি-
তুমি ফেলো পা, উঠবে সূর্য- অনাগত বিপ্লবী।

অবসান















আর অবকাশ নেই চলো উঠি-
কেটে গেছে বেলা, করে ছেলেখেলা, বসে থেকে পরিপাটি।

কেটেছে সময় হাসি আর গানে,
ভুলে থেকে মোহে, আপনার মনে,
ভ্রমের সৌধ গড়েছি গোপনে,
মনে রেখে খুঁটিনাটি;
আর অবকাশ নেই চলো উঠি।

চিন্তার ঘরে রেখেছি কেবলি, হাওয়ার বাসর সাজিয়ে,
তানপুরা মোর জীর্ণ এখন, বেসুরের গান বাজিয়ে;
ক্ষয়ে ক্ষয়ে গেছে, সযতনে গড়া, অকালের ভিটেমাটি।

সারাদিন পরে এখন তো দেখি,
হেলায় ফেলায়, বেলা নাই বাকি,
ঘুরেছি বেঘোরে অযথা একাকি,
সকলই কেবল ত্রুটি;
আর অবকাশ নেই চলো উঠি।

লেখা এবং আমি

পরিণতি ভাবিনিতো, কোথায় কি হবে-
লিখে গেছি এক মনে গোপনে, নিরবে।
তুষারের মতো ঝরে পড়েছে সময়,
মিছিলের ভীড়ে হয়ে- একা, আমিময়,
কেবল যুঁজেছি মোর একার আহবে।

মনের তেপান্তরে হারিয়েছি কত,
নতুন কালির ক্ষতে তোমাকেই পেতে;
আবার নতুন করে হতে বিক্ষত,
ছড়িয়ে পড়েছি কোন নতুন লেখাতে।