Tuesday, October 10, 2017

থাকছো তুমি












এইতো আমি দেখছি তোমার মুখের ছায়া,
আকাশ-আলোয়-বাতাসে তার ছড়িয়ে যাওয়া,
থাকছো তুমি, যখন কোথাও থাকছে না কেউ-
থাকছো তুমি, থাকছে তোমায় দেখতে চাওয়া

থাকছো, যখন প্রথম আলো জানলা খুলে,
পাপড়িগুলো মেলছে ডানা ঘাসের ফুলে,
শিশির হাসে, রংধনুতে রং মিশিয়ে-
তাদের বুকে তোমার ছোঁয়ার গল্প বলে

থাকছো যখন, ক্লান্ত সময়, শ্রান্ত দুপুর,
দৃষ্টি ছোটে দূরের থেকেও অনেকটা দূর,
রাস্তাজুড়ে ছুটতে থাকা ব্যস্ত জীবন-
মাথার ভেতর ভুলতে থাকা গানের সুর

থাকছো, যখন ছোট্ট মেয়ে হাসছে কোথাও,
হাসছে সাথে ছোট্ট বেলার কথকতাও,
ভাসছে হাসির সাথে আমার ছেলেবেলা-
কৈশোরেতে শোনা তোমার প্রথম কথাও

বিকেল নামে ব্যস্ত মনের প্রান্ত ছুয়েঁ,
সারাদিনের ভুলতে থাকায় ক্লান্ত হয়ে,
লালিমাতে মন যখনই মিশছে দেখো-
আভায় ফোটে সুর তোমারই স্বপ্ন নিয়ে

সন্ধ্যে আসে- বিষণ্নতায় শহর মলিন,
দূরের মাঠে বিদায় নেবে সারাটা দিন,
তুমি তখন আসছো আবার নতুন করে-
নীরবতায় সুর তুলে সেই স্বপ্ন প্রাচীন।

সবাই ফেরে ঘরে কেমন মগ্নতাতে,
প্রদীপগুলো উঠছে জ্বলে সাঁঝের হাতে,
সবাই এবার লুকোবে তার স্বপ্ন নিয়ে-
আমার স্বপ্ন নামছে নীরব কল্পনাতে

রাত্রি এলো- একটি করে উঠলো তারা,
তোমার স্মৃতিই তাদের মতো শ্রান্তিহারা,
অন্ধকারের চাদর গায়ে তুমিই আসো-
যখন আমার রাত্রিগুলো ছন্নছাড়া

হারিয়ে গিয়েই হারানো যায়- ভাবছো নাকি?
একটি ক্ষণের বাধঁন হয়তো দিলেই ফাঁকি,
সারাটা ক্ষণ এবার যখন তোমার হলো,
সেই ছোঁয়াটা নিছক মনের কল্পনা কি?

প্রতিজ্ঞা












কখনো ভাবে নি সে, এই ঘর এরকম হবে-
তিলে তিলে গড়া ঘর, এইভাবে আগুনে পোড়াবে,
ভাবেনি ভাসবে জলে বুলেটে বিদ্ধ মৃত ছেলে,
ভাবেনি ধর্ষিত মেয়ে কাৎরাবে মৃত্যুর কোলে;
ভাবেনি সময় তার এরকম বেমানান হবে


ভাবেনি সে ধর্মেও আছে কিছু অপরাজনীতি;
মানবতা নয়- তার অস্ত্রের সাথে সম্প্রীতি,
ভাবেনি এভাবে সে নিজদেশে হবে পরদেশি ,
তন্ত্রের প্রেম মানুষের চেয়ে কাঁটাতারে বেশি,
ভাবেনি এমনও হতে পারে কোন আইনের রীতি

আমিও ভাবি না আজও- তারই মতো চোখ কান বুঁজে,
মানুষ হয়েই বাঁচি মানবতা বিহীন সমাজে;
রোহিঙ্গা ছিলো তারা- আমার কি আসে যায় তাতে,
সুখ-সন্তান আর ভালো ঘর আমার বরাতে,
ভাবিনা- আমার মতো সেও ছিলো শান্তির খোঁজে

ভাবিনা- একই রীতি আমার ঘরের চারপাশে
একই তন্ত্র আর জাতিভেদ তাকায় সরোষে,
আজ হোক কাল হোক হানা দেবে আমার উঠোনে-
স্মশান হবে ঘর সীমাহীন লোভের আগুনে
ভাবিনা, কেবল চোখে মরিচীকা-সুখ চলে ভাসে।

এখনো সময় আছে, হাতে হাত ধরে হাঁটি চলো,
এক হয়ে রুখে দেই, ষড়যন্ত্রের দাঁতগুলো,
মানবতা নিয়ে গড়ি দেয়ালটা বেঁচে থাকবার;
প্রতিজ্ঞাতে হোক- ”এক জাতি তোমার আমার,
একসাথে হাঁটবো, তা আঁধারটা হোক যত কালো”