Tuesday, March 12, 2019

ফিরে আসা
















বারে বারে জানি এসেছো এমন বিষণ্ন-গোধূলিতে,
‘ফিরে এসো’ বলে- ডেকেছো বিদায় দিতে।

বার বার তাই দুয়ারে দাঁড়িয়ে,
ফিরে চলা সেই পথটাতে চেয়ে,
নমিত চোখের অশ্রু ঢেকেছো- পরিচিত বেদনাতে।

শত শত বার ফিরে গেছি, আর এসেছি আবার ফিরে,
‘আবার আসবো’- বিদায়ের শেষ কথাটুকু বুকে ধরে।

আবারও সন্ধ্যা, আসবেই জানি-
উপহার দেবে বিদায়ের-বাণী,
আরেক জন্মে সাঁঝের ছায়ায় ভালোবাসা ফিরে পেতে।

Monday, January 7, 2019

কুহেলিকা











অদ্ভুত অবসাদে ঘিরে থাকে আধাঁর সময়-
চলে যাওয়া, ফিরে আসা- মানেহীন, এক মনে হয়;
বিশ্বাস পুড়ে যায় ধোঁয়াহীন যুগের আগুনে-
প্রতি স্পন্দন বলে, এ হাশরে কেউ কারো নয়।

স্বপ্ন ভাসছে চোখে, স্বপ্ন জাগছে তারস্বরে,
স্বপ্ন ভাসছে স্রোতে- হারায় তা ক্ষণেকের পরে;
প্রত্যয় ভেঙ্গে যায়, ভেঙ্গে যায় স্বস্থির সাধ-
মন ছোটে দিশাহীন, এ যুগের আজব আধাঁরে।

কোলাহল চারপাশে, উচ্ছল কুহেলি জীবন,
মরীচিকার পিছে মিছিলের স্রোতে আবাহন;
প্রতিদিন মৃত্যুকে বন্দনা করে বেচেঁ থাকা,
বিষাদ-জোৎস্না কাঁদে- পূর্নিমা খোজেঁ তাতে মন।

বেদনায় কাঁদি- তবু বেদনাকে বড় ভালোবাসি,
অশ্রুর নদী বুকে, ফোয়ারাতে উঠে আসে হাসি;
ছলনাতে ডুবে যাই, ছলনা নিয়েই ফের উঠি,
রাতদিন শুয়ে থাকি মিথ্যের সাথে পাশাপাশি।

স্তব্ধতা খুজেঁ ফিরি, খুজেঁ ফিরি বিলীন সময়,
অস্তিত্বের পাপ- প্রতিক্ষণে শুধু ভারী হয়;
বিস্মরণের হোমে প্রত্যাশা হোক বলিদান-
‘কিছু না থাকা’র সাথে মিশে যাক জীর্ণ হৃদয়।

Monday, November 19, 2018

হায়রে মুসলমান














রাসুলের ডাক কে শুনে আর করবে জীবন দান
হায়রে মুসলমান।

ত্যাগের চিন্তা ভোগের ফাঁদে,
দিনে রাতে যাচ্ছে কেঁদে,
দেওয়ার কথা উঠলে দেয় আজ রাসুলকে কোরবান।

জীবন দিয়ে, সম্পদ দিয়ে শান্তি আনতে চেয়ে-
সংগ্রাম ছিলো রাসুলের, সেটা ভুলে গেছি কি উপায়ে?

আজকে কেবল জীবন জুড়ে স্বার্থের জয়গান
ভোগ লালসায় মজ্জিত সব পরগাছা শয়তান।
হায়রে মুসলমান।

খুব মজে আছি নামায রোজায়
(আর) নিজের পেটটা ভরার পূজায়
ইসলাম খুঁজি অক্ষরে শুধু, বলি দিয়ে বলিদান।

শাশ্বত
















সকালের রোদ একই ভাবে আসে প্রাচীন কালের মত
শীতের কুয়াশা একইভাবে ভাসে ধূসর বেদনাহত।
একই ভাবে পাখি গেয়ে যায় গান – নিজের কথামালায়,
একইভাবে হাসে মুক্ত পৃথিবী, কাদেঁ কারো কান্নায়।

জীবনের সব সুর কেটে যাবে, যেভাবে সময় কাটেঁ;
মানুষ থাকবে, হেঁটে যাবে তারা পরিচিত তল্লাটে।
কারোদিন যাবে অগোছালো, কারো স্বপ্ন দু’চোখে বুনে-
কারো ব্যস্ততা স্বপ্নবিহীন জীবনের সন্ধ্যানে।

আজকের ফুল ঝরে যাবে তারা যেভাবে ঝরেছে কাল,
আজ যা মধুর ভীষণ কামনা, কাল হবে জঞ্জাল।
পরিবর্তনও আসবে যেভাবে সব কিছু বদলায়,
তুমি হয়ে যাবে অ-পরিচিতা- আমার পৃথিবীটায়।

আমিও হারাবো মহাকালের এই অতিচেনা পথ ধরে,
বিস্মৃতিই হবে অমোঘ নিয়তি নিয়মের পারাবারে।
একটি কথা রেখে যাবে তবু খাপছাড়া এলোমেলো,
ভুলে যাওয়া এই পৃথিবীতে আমি তোমাকে বেসেছি ভালো।

পথের টানে





















রাতের আঁধার চিড়ে দিলো এই এক ফোঁটা রোদ্দুর,
চলো হেঁটে চলি তার পথ ধরে বহুদূর…..বহুদূর।
ঘাসে ও শিশিরে, সবুজে-তুষারে মিতালীতে পথ চলা,
তার তালে তাল রেখে হোক আমাদের কথা বলা।
কথায় বলবো, কিভাবে মানুষ মানুষের হাত ধরে-
বলবো কিভাবে শুকনো দু’চোখে মমতারা ভীড় করে;
বলবো কিভাবে ক্রন্দনগুলো ইতিহাস হয়ে যায়,
কতটা ব্যাকুল হলে এ পৃথিবী ভালোবাসা পেতে চায়।
আমরা বলবো সুদিনের কথা, হোক পথ বন্ধুর
এক ফোঁটা রোদ সাথে নিয়ে চলো বহুদূর বহুদূর।

যেমন আকাশে রংধনু ভাসে, কুয়াশারা উড়ে যায়
আশা ও স্বপ্ন ভাসুক এভাবে সুদূর পথচলায়,
পথেই ছড়াবো ভোরের আবীর, পথেই ছড়াবো গান
নিস্প্রাণ চোখে আমরা করবো পুনর্জন্ম দান।
আরেকটি ভোর পৃথিবীর হোক বিবর্ণ প্রান্তরে,
যেখানে আঁধার বেসুরো মৃত্যু অবিরাম খেলা করে,
খেলাঘরটাই ভেঙ্গে ফেলি নিয়ে দ্বিধাহীন কিছু সুর-
তার পথ ধরে হেঁটে চলি চলো, যায় চোখ যতদূর।।

Tuesday, October 30, 2018

Acrostic – 5



 










শুণ্যতা- ঘিরে থাকে বহুরূপী সময়ের ছকে;
একটি নক্ষত্র-হৃদয়, অনন্তে স্থির হয়ে থাকে-
সাত আসমান তাকে ভরে রাখে মিথ্যে স্তবকে,
‘একটি মুহুর্তে পাবে পূর্ণতা এই মহালোকে’।

শুণ্যতা- শুধু একা সাথী হয়ে থাকে রাতদিন-
পঞ্চাননের বুকে পার্বতী যেন আছে জড়ায়ে নিবিড়,
নবমীর চাঁদে যেন সীমাহীন আকাশের ভীড়;
সপ্তম সুরে তাই কেঁদে চলে মরমের বীণ।

সাতটা সমুদ্দুর মাঝখানে তাহার আর আমার,
ষড়জের মত করে মহাকাল গড়ে অবিচার-
পঞ্চশরটা বেঁধা- তবু বিধি থাকে বিধাতার!

Saturday, October 20, 2018

কৈশোরের গান


সম্মুখে পথ, বুকে প্রত্যয় আমরা চির-কিশোর
সত্যের পথে ছুটে চলা কুঁড়ি, আনতে নতুন ভোর।


ধরা স্বার্থে ও লোভে উত্তাল
তাকে গ্রাস করে আছে দাজ্জাল
আজ তার টুটি চেপে ধরবে মোদের বজ্রশক্তি-ডোর।


শক্তি-মন্ত্র “ঐক্য” জঁপেছি, শপথটা আনুগত্যের
শৃঙ্খল ভাঙ্গি- অস্ত্র মোদের শৃঙ্খলা মহাসত্যের।
পৃথিবীর মোহে ডুবে যাওয়া যত উদ্বাস্তুর প্রাণে
চেতনা ফেরাবো আমরা ত্যাগের মহান উচ্চারণে।


যত অনাচার ভেঙ্গে পৃথিবীর
নিয়ে আসবো সুদিন শান্তির
যত কর্ম, ভাবনা, বিষয়, সহায়- সম্বল করে মোর।